সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হজের আনুষ্ঠানিকতা নিরাপদ ও নির্বিঘ্ন করতে তারা এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।
সৌদি প্রেস এজেন্সি বলছে, মক্কা পুলিশ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া হজ পারমিটের বিজ্ঞাপন প্রচারের দায়ে এক ইয়েমেনি নাগরিককে আটক করেছে।
এ ছাড়া যথাযথ অনুমতি ছাড়া মক্কায় অবস্থান ও প্রবেশের চেষ্টার দায়ে পাঁচজন মিসরীয় নাগরিক এবং অবৈধভাবে যাত্রী পরিবহনের অভিযোগে পাকিস্তান ও মায়ানমারের আরো দুই নাগরিককে আটক করা হয়েছে।
আটককদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। এবারের হজ মৌসুমকে সামনে রেখে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগেই সতর্কবার্তা জারি করেছিল, অনুমতি ছাড়া হজের চেষ্টা করলে বড় অঙ্কের জরিমানা গুনতে হবে।
নিয়ম অনুযায়ী, ১৮ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত কোনো ভিজিট ভিসাধারী বা অনুমতিহীন ব্যক্তি মক্কায় অবস্থান করলে তাকে ২০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে।
তবে এই আইন ভঙ্গকারী অভিবাসীদের সৌদি আরব থেকে ফেরত পাঠানোর পাশাপাশি পরবর্তী ১০ বছরের জন্য দেশটিতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। সেই সঙ্গে যাত্রী পরিবহনে ব্যবহৃত যানবাহনগুলোও বাজেয়াপ্ত করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।





