ইতালিতে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়াবাসীদের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ইতালি-এর নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর, সোমবার।
অনুষ্ঠানকে ঘিরে ইতালি প্রবাসী ব্রাহ্মণবাড়িয়াবাসীসহ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা করা, বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির বিকাশে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
নবনির্বাচিত কমিটির সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া এবং সাংগঠনিক সম্পাদক শাহ মুহাম্মদ শওকত এক বিবৃতিতে ইতালি প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।
তারা বলেন, প্রবাসে থেকেও দেশের মানুষের সঙ্গে সম্পর্ক ও সম্প্রীতি বজায় রাখা এবং বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরাই সংগঠনের অন্যতম লক্ষ্য। নবনির্বাচিত কমিটি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে আরও সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।
এদিকে সংগঠনের প্রচার সম্পাদক ওয়াহেদুজ্জামান দিপু অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য ইতালিতে কর্মরত সাংবাদিকদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে গণমাধ্যমের মাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আয়োজকরা আশা করছেন, নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় ইতালি প্রবাসী ব্রাহ্মণবাড়িয়াবাসীসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করবেন।





