ইতালি থেকে আমির হোসেন লিটন:
ইতালির রাজধানী রোমে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত তিন বাংলাদেশির প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন ইতালীয় নাগরিক ও প্রবাসী বাংলাদেশিরা। মঙ্গলবার রাতে রোমে আয়োজিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে নিহতদের স্মরণ করেন উপস্থিত সবাই।
গত ২৭ জুন রাতে রোমের নিজ বাসায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হন বাংলাদেশি নাগরিক কামাল হোসেন, তার স্ত্রী এবং তাদের ছয় বছরের কন্যা। এ ঘটনায় কামাল হোসেনের ছেলে আমির হোসেন তনয়ও গুরুতর আহত হন। তবে বর্তমানে তিনি চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন।
রোমে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় নিহত তিনজনের মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মরদেহগুলো ঢাকার উদ্দেশে রওনা হবে এবং শুক্রবার দেশে পৌঁছানোর কথা রয়েছে।
শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে রোম দূতাবাসের কর্মকর্তা, ইতালীয় প্রশাসনের প্রতিনিধিসহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং দ্রুত হত্যাকারীকে গ্রেপ্তারের দাবি জানান।
ঘটনার পরপরই অভিযুক্ত হামলাকারী পালিয়ে যায়। তবে এখনো তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ইতালীয় আইনশৃঙ্খলা বাহিনী তাকে ধরতে তদন্ত চালিয়ে যাচ্ছে।





