শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়েছে ঢাকা

জুলাই গণঅভুত্থ্যানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে ফেরত চেয়েছে ঢাকা। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বুধবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ পুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসব বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন। দিল্লিতে পৌঁছানোর পর মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ প্রতিনিধি দল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের সঙ্গেও বৈঠক করে। বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আবারও প্রত্যর্পণের জন্য অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে নিয়ে গত মঙ্গলবার তিনদিনের শুভেচ্ছা সফরে ভারত গেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বিভিন্ন পর্যায়ের বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ‘বাংলাদেশ প্রথম’ নীতি এবং পারস্পরিক আস্থা, সম্মান ও উভয়ের সুবিধার ভিত্তিতে পররাষ্ট্রনীতি অনুসরণ করবে। শহীদ শরিফ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারিদের গ্রেপ্তার করায় ভারতকে ধন্যবাদ জানান খলিলুর রহমান। দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তিতে নির্ধারিত পদ্ধতি অনুসারে গ্রেপ্তার ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠাতে বৈঠকে উভয়পক্ষ সম্মত হয়েছে।

আলোচনায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, সামনের সপ্তাহগুলোতে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসার প্রক্রিয়া সহজ করা হবে।

খলিলুর রহমান বাংলাদেশে ডিজেল ও সারের সরবরাহ বাড়াতে ভারতের তেল ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরীর প্রতি অনুরোধ জানান। ভারত সরকার ইতিবাচকভাবে বিষয়টি বিবেচনা করবে বলে ইঙ্গিত দেন হরদীপ সিং পুরী।এসব বৈঠকে উভয় পক্ষ গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছে।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য ভারতের আকাঙ্ক্ষার বিষয় পুনর্ব্যক্ত করেছেন। উভয় পক্ষ প্রাসঙ্গিক দ্বিপাক্ষিক ব্যবস্থার মাধ্যমে অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য প্রস্তাব খতিয়ে দেখতে সম্মত হয়েছে। পরবর্তী আনুষ্ঠানিক বৈঠক শীঘ্রই হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও, উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর লিখেছেন, ‘অপরাহ্নে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানসহ প্রতিনিধিদলকে আপ্যায়ন করতে পেরে আনন্দিত বোধ করছি। আমরা দ্বিপাক্ষিক সম্পর্ককে বিভিন্ন দিক থেকে শক্তিশালী করার ব্যাপারে আলোচনা করেছি। এছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেছি। ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার ব্যাপারে আমরা একমত পোষণ করেছি।’

বিজেপির সভাপতিকে তারেক রহমানের চিঠি
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতিকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ চিঠি বিজেপির কাছে হস্তান্তর করেন। বিজেপির পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক বিভাগের প্রধান বিজয় চৌথাইওয়ালে তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, বিএনপির যুগ্মসচিব হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে তিনি বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনকে লেখা প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একটি চিঠি হস্তান্তর করেন। এ সময় বিজেপি নেতা শিশির বাজোরিয়া উপস্থিত ছিলেন।’

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ