ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পডকাস্টটি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ভাষ্যকার ও রেডিও উপস্থাপক মাইকেল স্যাভেজের।
‘স্যাভেজ নেশন’ নামের ওই পডকাস্টে মার্কিনিদের জন্মসূত্রে নাগরিকত্ব আইনের সমালোচনা করতে গিয়ে স্যাভেজ দাবি করেন, ভারত ও চীনের নাগরিকেরা যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দিয়ে সহজেই নাগরিকত্ব পেয়ে যাচ্ছেন।
তিনি আরো বলেন, ‘তারপর তারা চীন, ভারত বা পৃথিবীর অন্য কোনো জাহান্নাম জায়গা থেকে তাদের পুরো পরিবারকে নিয়ে আসে।’
এই বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা শুরু হয়েছে। অনেকেই একে বর্ণবাদী ও বিদ্বেষমূলক মন্তব্য হিসেবে আখ্যা দিয়েছেন।
এ ছাড়া প্রযুক্তিখাতে ভারতীয় ও চীনা কর্মীদের আধিপত্য নিয়েও অসন্তোষ প্রকাশ করেন স্যাভেজ। তার দাবি, ক্যালিফোর্নিয়ার প্রযুক্তি কোম্পানিগুলোতে ‘শ্বেতাঙ্গদের চাকরি পাওয়ার সুযোগ প্রায় নেই’।
প্রেসিডেন্ট ট্রাম্প এই পডকাস্টের ভিডিও ও প্রতিলিপি শেয়ার করলেও এ বিষয়ে তিনি নিজে সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে জন্মসূত্রে নাগরিকত্বের বিরুদ্ধে অলিখিত যুদ্ধে আছেন ট্রাম্প।
ট্রাম্প দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব প্রথা বন্ধ করার আহ্বান জানিয়ে আসছেন।
উল্লেখ্য, আইনত মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনী জন্মসূত্রে নাগরিকত্বের নিশ্চয়তা দেয়। বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে।





