গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকায় একই পরিবারের ৫ জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৮ মে) রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় বাসিন্দারা শনিবার ভোরে রাউতকোনা গ্রামের মনির হোসেনের বাসায় পাঁচজনের লাশ পড়ে থাকতে দেখে।
নিহতরা হলেন— গোপালগঞ্জের ফোরকান মিয়ার স্ত্রী শারমিন (৩৫), তার তিন মেয়ে মিম (১৫), মারিয়া (১২) ও ফারিয়া (২) এবং শ্যালক রসুল মিয়া (১৮)।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহকর্তা ফোরকান মিয়া এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জুবায়ের জানান, রাতের কোনো এক সময় বাসার ভেতর গলা কেটে, কুপিয়ে ও বিভিন্নভাবে ওই ৫ জনকে হত্যা করা হয়।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।




