ডেস্ক রিপোর্ট: শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৮ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ সিরিজ জয় করায় বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা, ইটালির সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন টাইগারদের প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেছেন, বাংলাদেশের ছেলেরা যে কৃতিত্ব দেখেছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমি আশা করি তারা এই মনবল ধরে রেখে আগামী দিনেও সাফল্য অর্জন করতে সক্ষম
হবে। জনাব জসিম অধিনায়ক মেহেদী হাসান মিরাজসহ সকল খেলোয়ার এবং কর্মকর্তাকেও অভিনন্দন জানান।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এ দিন শুরু থেকেই দুর্দান্ত ব্যাট করতে থাকেন সাইফ হাসান-সৌম্য সরকার। ১৭৬ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।
তবুও মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় তিনশো রানের পুঁজি পেতে ব্যর্থ হয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রানের পুঁজি পায় স্বাগতিকরা।
৭২ বলে ৮০ রান করেন সাইফ। অন্যদিকে ৯ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন সৌম্য। ৮৬ বলে ৯১ রান করেন তিনি। এছাড়া নাজমুল হোসেন শান্ত ৪৪ ও তাওহিদ হৃদয় করেন ২৮ রান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আকিল হোসেন নেন সর্বোচ্চ ৪টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে টাইগার স্পিনারদের ঘূর্ণিতে শুরু থেকেই ধুঁকতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৫০ রানের আগেই ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ক্যারিবীয়ানরা। অ্যালিক অ্যাথানেজ ১৫, ব্রান্ডন কিং ১৮ শাই হোপ ৪ ও রানের খাতা খোলার আগেই আকিম অগাস্ট সাজঘরে ফিরে যান।

এরপর আর বিপর্যয় সামাল দিতে পারেনি সফরকারীরা। নাসুম, রিশাদদের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩০ ওভার ১ বলে ১১৭ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন আলিক হোসেন। অন্যদিকে বাংলাদেশের পক্ষে নাসুম ও রিশাদ নেন ৩টি করে উইকেট। এছাড়া মেহেদী মিরাজ ও তানভীর নেন ২টি করে উইকেট।





