নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা (চট্টগ্রাম) চট্টগ্রামের আনোয়ারায় কনকনে শীতের রাতে এক বছরের এক প্রতিবন্ধী শিশু ও তার চার বছর বয়সী বোনকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে গেছেন জন্মদাতা মা-বাবা। গত রোববার রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের মাজার গেট এলাকায় এ অমানবিক ঘটনা ঘটে। পরে স্থানীয়দের তৎপরতায় উদ্ধার হওয়া শিশু দুটি বর্তমানে নিরাপদ আশ্রয়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে মাজার গেট এলাকায় প্রচণ্ড শীতের মধ্যে রাস্তার ধারে দুই শিশুকে একা বসে থাকতে দেখে পথচারীদের সন্দেহ হয়। উৎসুক জনতা সেখানে ভিড় করলে চার বছর বয়সী শিশু আয়শা জানায়, তার বাবার নাম খোরশেদ আলম ও মায়ের নাম ঝিনুক। তারা সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায় বসবাস করত। রোববার রাতে মা-বাবা তাদের দুজনকে এখানে রেখে চলে গেছেন।
উদ্ধার হওয়া অন্য শিশুটির নাম মোরশেদ। তার বয়স মাত্র এক বছর। জানা গেছে, শিশু মোরশেদ শারীরিক প্রতিবন্ধী।
খবর পেয়ে স্থানীয় অটোরিকশাচালক মহিম উদ্দিন শিশু দুটিকে উদ্ধার করে হাজিগাঁও ঝিওরি গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পে নিয়ে যান। মহিম উদ্দিনের স্ত্রী শারমিন আক্তার জানান, উদ্ধারের সময় শিশু দুটি প্রচণ্ড শীতে অসুস্থ ছিল। তাদের কুসুম গরম পানি দিয়ে গোসল ও খাবার দেওয়ার পর তারা কিছুটা সুস্থ বোধ করছে। ধারণা করা হচ্ছে, ছোট শিশুটি প্রতিবন্ধী হওয়ার কারণে এবং পারিবারিক অভাব-অনটনের জেরে মা-বাবা তাদের এভাবে ফেলে গেছেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী জানান, ঘটনাটি জানার পর থেকেই পুলিশ শিশু দুটির মা-বাবার পরিচয় শনাক্ত করতে কাজ শুরু করেছে। তাদের স্থায়ী ঠিকানা ও স্বজনদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, “উদ্ধার হওয়া শিশু দুটির সব ধরনের সুরক্ষা ও সহায়তা নিশ্চিত করতে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে তাদের সেফ হোমসহ প্রয়োজনীয় আশ্রয়ে রাখার ব্যবস্থা করা হচ্ছে।”





