ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হলো কেরানীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও নিজেদের শেকড়, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ তৈরি এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে এ আয়োজন করা হয়।
ইতালি থেকে আমির হোসেন লিটনের পাঠানো রিপোর্ট।
দুই দিনব্যাপী এ আয়োজনে গান, নাচ, সাংস্কৃতিক পরিবেশনা, বিভিন্ন স্টলসহ ছিল নানা ধরনের বিনোদনমূলক কার্যক্রম। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ঢাকা থেকে আগত জনপ্রিয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
মঞ্চ মাতিয়ে রাখেন বিশিষ্ট কণ্ঠশিল্পী কনকচাঁপা, প্রতীক হাসানসহ অন্যান্য শিল্পীরা। পাশাপাশি পরিবেশিত হয় মনোমুগ্ধকর নৃত্য। প্রিয় শিল্পীদের পরিবেশনা উপভোগ করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি।
আয়োজকরা জানান, দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রবাসের মাটিতে তুলে ধরা এবং নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতির চর্চা ও বিকাশ ঘটানোই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে কমিউনিটি নেতা আনিমুর রহমান সালাম দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রবাসে তুলে ধরতে এবং নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত রাখতে সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। পরিচিত মুখ, প্রিয় গান এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় রোমে যেন তৈরি হয়েছিল বাংলাদেশের এক আবহ।
আয়োজকদের প্রত্যাশা, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি আরও জোরদার করতে এবং বাংলা সংস্কৃতির বিকাশে ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে।





