১২ ফেব্রুয়ারির নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করে ভোটের ফল পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ বিশেষ করে, যুবসমাজ নির্বাচনে পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। কিন্তু, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে ফলাফল পরিবর্তন করা হয়েছে। আগামী নির্বাচনে প্রতিটি ঘাটে শক্ত পাহারা দেব। জীবনের বিনিময়ে হলেও মানুষের ভোটের অধিকার রক্ষা করব আমরা।’
বুধবার রাজধানীর মিরপুরে ঢাকা-১৫ আসনে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলে এসব কথা বলেন সংসদীয় বিরোধীদলীয় নেতা। জামায়াত আমির বলেন, সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলব, অধিকার আদায় করব। ঢাকা-১৫ হবে মডেল আসন।
নতুন সরকার ক্ষমতায় আসার পর চাঁদাবাজি বেড়েছে বলে অভিযোগ করেন শফিকুর রহমান। তিনি সরকারের উদ্দেশে বলেন, অবিলম্বে চাঁদাবাজি বন্ধ করুন। নইলে জনগণকে সঙ্গে নিয়ে দেশব্যাপী শক্ত প্রতিরোধ গড়ে তুলব।
বিরোধীদলীয় নেতা দাবি করেন, জামায়াতের অনুসরণ করে সরকারি দলের এমপিরা ট্যাক্সমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার সিদ্ধান্ত হয়েছেন। তিনি বলেন, এ জন্য ধন্যবাদ জানাই। প্রবাসীদের মরদেহ সম্মানের সঙ্গে দেশে আসার প্রতিশ্রুতি অনুসরণ করায় ধন্যবাদ।
মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।





