বিগ ব্যাশ অভিষেকে ভালো বোলিং করেছেন বাংলাদেশের ডানহাতি লেগ স্পিনার রিশাদ হোসেন। তার দল হোবার্ট হ্যারিকেনসও ৪ উইকেটের জয় পেয়েছে।
মঙ্গলবার হোবার্টের বেলেরিভ ওভালে শুরুতে বোলিং করে রিশাদের দল হোবার্ট। সিডনি থান্ডার ৬ উইকেট হারিয়ে তাদের বিপক্ষে ১৮০ রান তোলে। দলটির হয়ে ক্যামেরুন ব্যানক্রফট ৪৪ বলে ৬১ রানের ইনিংস খেলেন। ওপেনার ম্যাথু গিলকেস ৭ বলে ২০ রানের ঝড় দেখান।
এছাড়া লোয়ার মিডলে শাদাব খান ২৪ বলে ৩৪ রান করেন। ড্যানিয়েল সামস ১১ বলে ২৩ রান যোগ করেন। হোবার্টের রিলে মেরেডিত্ত, নাথান এলিস, ক্রিস জর্ডানরা খরুচে ছিলেন। তারা ওভার প্রতি প্রায় ১০ করে রান দিয়েছেন।
ওই তুলনায় ভালো বোলিং করেছেন রিশাদ। তিনি ৩ ওভার বোলিং করে ১৮ রান দিয়ে উইকেট শূন্য থাকেন। স্টানলেকে ৪ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন। অধিনায়ক এলিস ৪ ওভারে ৩৯ রান দিয়ে ১ উইকেট নেন। ক্রিস জর্ডান ৪ ওভারে ৩৬ রান খরচা করে ২ উইকেট নেন।
রান তাড়ায় নামা হোবার্টের কোন ব্যাটার বড় রান করতে পারেনি। তবে মাইকেল ওয়েন ১৪ বলে ৩২ রানের ইনিংস খেলে ম্যাচের ভিত্তি গড়ে দেন। অন্য ওপেনার নিখিল চৌধুরী ৩১ বলে ৪১ রান যোগ করেন। তিনে নামা বেন ম্যাকডরমট ২৪ বলে ৩৮ রানের ইনিংস খেলেন। ম্যাথু ওয়েড ১৬ বলে ২৫ রান করেন। ক্রিস জর্ডান ১৩ বলে ১৬ রান করে দলকে জেতান।





