মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় মহাসড়কে (ইস্ট কোস্ট হাইওয়ে) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন বাংলাদেশি নাগরিক। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাহাং রাজ্যের কুয়ান্তান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. সাবের হাসান (৩০), মো. জাহিদ হাসান (২১) এবং আবদুল্লাহ (২৪)। আহতরা হলেন মো. হাবিব বিশ্বাস (৪৫) ও মণিরাম চন্দ্র বাস (৪০)। আহতদেরকে কুয়ান্তানের তেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
কুয়ান্তানের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আদলি মাত দাউদ জানান, দুর্ঘটনার সময় একটি টয়োটা আভানজা গাড়ি কুয়ান্তান থেকে কুয়ালালামপুর অভিমুখে যাত্রা করছিল। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম পাশে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিক তদন্তে চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং গাড়িটির রোড ট্যাক্সের মেয়াদ উত্তীর্ণ থাকার বিষয়টি সামনে এসেছে। জানা গেছে, গাড়িটির রোড ট্যাক্স চলতি বছরের মে মাসে শেষ হয়ে গেছে।
এ ঘটনায় মালয়েশিয়ার সড়ক পরিবহন আইন ১৯৮৭ সালের ৪১(১) ধারা অনুযায়ী তদন্ত চলছে, যা বেপরোয়া ও অবহেলাজনিত গাড়ি চালিয়ে প্রাণহানির ক্ষেত্রে প্রযোজ্য। পুলিশ দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রেখেছে।





