ওভাল টেস্টে দুর্দান্ত বোলিং করে ইংল্যান্ডের হাত থেকে ম্যাচ ছিনিয়ে এনেছেন মোহাম্মদ সিরাজ। ডানহাতি এই পেসার টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। এর মধ্যে শেষ ৪ উইকেটের তিনটিই তুলেছেন তিনি। প্রথম ইনিংসেও দারুণ বোলিং করে ৪ উইকেট নেওয়া সিরাজ ওভাল টেস্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।
তবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের সেরা হয়েছেন ভারতের তরুণ অধিনায়ক শুভমন গিল এবং ইংল্যান্ডের তরুণ ব্যাটার হ্যারি ব্রুক। মজার বিষয় হচ্ছে, ভারতের কোচ গম্ভীর সিরিজ সেরা হিসেবে বেছে নিয়েছেন ব্রুককে। আবার ইংল্যান্ডের কোচ ম্যাককালারের বিচারে সিরিজের সেরা শুভমন গিল।
ব্রুক পাঁচ ম্যাচের সিরিজে রান করেছেন ৪৮১। অন্য দিকে গিল রান করেছেন ৭৫৪। ইংল্যান্ডের সিরিজ সেরা ব্রুক জানিয়েছেন, তারা আশা করেছিলেন সকালেই ম্যাচ জিতে যাবেন, ‘আমরা খুবই আত্মবিশ্বাস নিয়ে সকাল শুরু করেছিলাম। ভারত অসাধারণ কামব্যাক করেছে। বিশেষ করে সিরাজের কথা বলতে হবে, সাফল্য তার পাওনা ছিল।’
সিরাজের আলাদা করে প্রশংসা করেছেন ব্রুক। সিরিজের পাঁচ ম্যাচই খেলেছেন সিরাজ। ২৩ উইকেট নিয়েছেন। যেভাবে খেলেছেন তাকে সম্মান করেন বলে জানিয়েছেন। ক্রিস ওকস সাহস দেখিয়ে ক্রিজে আসায় তারও প্রশংসা করে ব্রুক বলেন, ‘তিনি কোন কিছুর পরোয়া করেন না।’ এছাড়া গতকালই তার ম্যাচ জিতিয়ে আসা উচিত ছিল বলে মন্তব্য করেছেন।
ভারতের অধিনায়ক গিল জানিয়েছেন, সিরাজ ও কৃষ্ণা বল দিয়ে কথা বলিয়েছেন। এছাড়া ইংল্যান্ড চাপে পড়ে গেছে চতুর্থ দিন শেষেই বুঝে গিয়েছিলেন বলে উল্লেখ করেছেন ভারতীয় অধিনায়ক, ‘আমরা কালই জানতাম, তারা চাপে পড়ে গেছে। আজ তাদের কেবল চাপটা অনুভব করাতে চেয়েছিলাম। চাপে আছো, এটা দেখিয়ে দিতে পারলে যে কেউ-ই অনেক কিছু করে ফেলে। এক্ষেত্রে সিরাজ অধিনায়কের জন্য স্বপ্নের বোলার। তাকে দলে পাওয়া ভাগ্যের বিষয়।’





