ভারত মহাসাগরে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করে তেল পরিবহনের অভিযোগে ‘ম্যাজেস্টিক এক্স’ নামক একটি রাষ্ট্রহীন জাহাজ জব্দ করেছে মার্কিন নৌবাহিনী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ (ডিপার্টমেন্ট অব ওয়ার) সামাজিক মাধ্যম এক্স-এ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
মার্কিন কমান্ডের দাবি, জাহাজটি কোনো দেশের পতাকা ছাড়াই ভারত মহাসাগরের ইউএস-ইন্দোপ্যাসিফিক কমান্ড এলাকায় চলাচল করছিল। অভিযান চলাকালীন মার্কিন বাহিনী সেটিতে আরোহণ করে এবং এর কার্যক্রম পর্যবেক্ষণ করে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী জাহাজটি নিয়ন্ত্রণে নেয়।
বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানায়, “ইরানকে সহায়তা প্রদানকারী অবৈধ নেটওয়ার্ক ধ্বংস করতে এবং তাদের সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত করতে আমরা বিশ্বজুড়ে সামুদ্রিক অভিযান অব্যাহত রাখব। কোনো নিষেধাজ্ঞাপ্রাপ্ত পক্ষ আন্তর্জাতিক জলসীমাকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারবে না।”
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সমুদ্রপথে অবৈধ কার্যক্রম চালানো এবং নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজগুলোর অবাধ বিচরণ বন্ধ করতে ওয়াশিংটন তাদের কঠোর অবস্থান বজায় রাখবে। তবে এই বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





