ফ্রান্সের কাছে ১-০ গোলে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এমবাপ্পেকে নিয়ে একাধিক অবমাননাকর মন্তব্য করেন প্যারাগুয়ের সিনেটর। তিনি এমবাপ্পের বংশপরিচয় নিয়ে কটাক্ষ করেন, তাকে ‘বর্বর’ আখ্যা দেন এবং দাবি করেন, প্যারাগুয়ের ফুটবলারদের তার সঙ্গে আরও কঠোর আচরণ করা উচিত ছিল।
এমন মন্তব্যের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমেই ক্ষোভ প্রকাশ করেন এমবাপ্পে।
ফরাসি এই তারকা লেখেন, ‘আপনি একজন ঘৃণ্য নারী এবং আপনার দায়িত্ব পালনের যোগ্য নন।
এরপর আরও কঠোর বার্তায় এমবাপ্পে বলেন, ‘আপনার মতো মানুষদের ঘৃণা ও বর্ণবাদ ছড়িয়ে দেওয়ার স্বাধীনতা আমি কখনোই মেনে নেব না।’
ঘটনার পরপরই এমবাপ্পের পাশে দাঁড়িয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) সিনেটর সেলেস্তে আমারিয়ার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘ফ্রান্স জাতীয় দলের খেলোয়াড়রা দেশের প্রতিনিধিত্ব করেন। তাদের বিরুদ্ধে এমন ঘৃণামূলক মন্তব্য শুধু একজন খেলোয়াড়কে নয়, পুরো ফ্রান্সকেই অপমান করে। তাই বর্ণবাদ ও সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে নিজেদের অবস্থান থেকে কোনো ছাড় দেবে না ফেডারেশন।’
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আগামী ১০ জুলাই মরক্কোর মুখোমুখি হবে এমবাপ্পের ফ্রান্স। মাঠের লড়াইয়ের আগে অবশ্য এই বর্ণবাদ বিতর্কই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।





