মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি মন্দির থেকে নামার সময় ফেসবুক লাইভে ছিলেন মিঠুন দাস। এমকে মিঠুন নামে আইডি থেকে তিনি বলছিলেন, ‘কোনোদিন ভাবি নাই আমি এ সিদ্ধান্ত নেব। এর আগে সিদ্ধান্ত নিলে এত বড় ক্ষতিটা হতো না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ডিসেম্বর মাস থেকে বিপত্তি কাটতেছে না। মা লক্ষ্মীও আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি কোম্পানির তিন লাখ টাকার মতো হারিয়ে ফেলেছি। এটা কেউ বিশ্বাস করবে না।’ এছাড়ও ফেসবুকে পোস্ট করেন, ‘না ভালো স্বামী হতে পারলাম, না ভালো সন্তান; না ভালো ভাই হতে পারলাম।’
ঘণ্টা দুয়েক পর সীতাকুণ্ড পৌর সদরের মৌলভীপাড়ায় চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের নিচে কাটা পড়েন মিঠুন। তিনি রাজশাহীর প্রেমানন্দ দাসের ছেলে। পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে মিঠুনের পরিচয় নিশ্চিত হয় রেল পুলিশ। মিঠুনের ফেসবুক প্রোফাইল ঘুরে দেখা গেছে, তিনি জরুরি রোগীদের জন্য নিয়মিত রক্ত দিতেন। গত ৯ মে ১৮ বারের মতো রক্ত দেন। সেই রক্তের ব্যাগ হাতে একটি পোস্ট দিয়েছেন।
সর্বশেষ ফেসবুক লাইভে মিঠুন আরও বলছিলেন, ‘আমি জানি আমার পরিবারকে দেখার কেউ নেই। কিন্তু এই মুখ নিয়ে আমি মা-বাবাকে কীভাবে দেখাব। আমি চলে যাচ্ছি। যারা আমার কাছে টাকা পান, ক্ষমা করে দিয়েন। আমি নিজের থেকে পরিবারটাকে শেষ হতে দেখতে পারি না। সরকারের কাছে একটাই আবেদন, আমার পরিবারটাকে ঋণমুক্ত করে বাঁচাইয়া রাখিয়েন। না ভালো স্বামী হতে পারলাম, না ভালো সন্তান; না ভালো ভাই হতে পারলাম। সবাই আমাকে ক্ষমা করে দিয়েন। বিউটিকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিও।’
সীতাকুণ্ড রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আশরাফ ছিদ্দিকী বলেন, ওই যুবকের লাশ উদ্ধারের পর তাঁর বাবাকে খবর দেওয়া হয়েছে। আত্মহত্যার আগে মিঠুন দাস একটি মন্দির এলাকা থেকে ফেসবুকে লাইভ করেছেন। সেখানে ক্ষমাও চেয়েছেন তিনি। সেটি দেখে বোঝা যাচ্ছে, সংসারের অভাব-অনটন ও কর্মস্থলে তিন লাখ টাকা চুরি যাওয়ার ঘটনার জেরে তিনি আত্মহত্যা করেছেন। সংসারের বিবাদও থাকতে পারে।





