আসন্ন ৫ আগস্টের আগেই প্রকাশিত হবে ‘জুলাই ঘোষণাপত্র’—এমন তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার (২ আগস্ট) সকালে শহীদ মিনারে তথ্য মন্ত্রণালয় আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানের র্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা জানান, ঘোষণার দিন ও সময় আজকেই (২ আগস্ট) চূড়ান্ত হতে পারে।
তিনি বলেন, “জুলাই সনদ” ও “জুলাই ঘোষণাপত্র”—এই দুটি আলাদা দলিল। জুলাই সনদ হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে প্রণীত একটি যৌথ সিদ্ধান্তপত্র, যা জনসম্মুখে প্রকাশ পাবে। এই সনদের মাধ্যমে জনগণ জানতে পারবে কোন দল কোন বিষয়ে একমত এবং কোথায় মতভেদ রয়েছে। এটি ইতোমধ্যে একটি পর্যায়ে পৌঁছেছে এবং প্রস্তুতি প্রায় সম্পন্ন।”
অন্যদিকে, “জুলাই ঘোষণাপত্র” সম্পর্কে তিনি বলেন, “এটি মূলত ৫ আগস্টের গণআকাঙ্খার প্রতীকী দলিল। এটি হবে এক ধরনের দালিলিক প্রমাণ, যা ‘জুলাই আন্দোলন’-এর প্রেক্ষাপট ও ভবিষ্যৎকে তুলে ধরবে। তবে এতে সব রাজনৈতিক দলের স্বাক্ষর থাকবে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।”
মাহফুজ আলম আরও বলেন, “জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক পর্বে প্রবেশ করেছে। তবে গত এক বছরে জনগণের প্রত্যাশিত পরিবর্তন সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়নি।”





