চেনা সুরের আদলে হৃদয় খানের ‘হাহাকার’

অনেক দিন পর নতুন একক গান প্রকাশ করতে যাচ্ছেন তারকা কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক হৃদয় খান। গানের শিরোনাম ‘হাহাকার’। এর কথা লিখেছেন এ সময়ের আলোচিত গীতিকবি সোমেশ্বর অলি। সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী হৃদয় খান নিজে।

আগামী ২৪ এপ্রিল শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে। নতুন এ আয়োজন নিয়ে হৃদয় খান বলেন, “কয়েক বছর গানের বিষয়ে খুব একটা মনোযোগী ছিলাম না। কিন্তু খেয়াল করলাম, গান প্রকাশে ধারাবাহিকতা ধরে রাখতে না পারলেও শ্রোতাদের প্রত্যাশা এতটুকু কমেনি। বারবার আবদার আসছিল নতুন গানের, তারা চিরচেনা সেই হৃদয় খানকে খুঁজে পাবেন। তাদের সেই চাওয়া থেকেই ‘হাহাকার’ গানটি তৈরি করা। চেষ্টা করেছি, গানের সেই মেলোডিকে তুলে নিয়ে আসার, যা আমাকে আলাদা পরিচিতি এনে দিয়েছে। আশা করছি, নতুন এই গানটি অনেকের প্রত্যাশা পূরণ করবে।”

এদিকে চলতি বছরের শুরুতে নিজস্ব ইউটিউব চ্যানেলে হৃদয় খান মুক্তি দিয়েছেন তাঁর নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ট্র্যাপড’। পরিচালনার পাশাপাশি এতে অভিনয় করেছেন তিনি। সিনেমায় তাঁর বিপরীতে অভিনয়ে দেখা গেছে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোনালিসাকে।

দীর্ঘ চার বছর ধরে এই সিনেমা নিয়ে আলোচনায় ছিলেন হৃদয় খান। নির্মাণ নিখুঁত করে তোলার প্রয়াসে এতটা সময় নিয়েছিলেন তিনি। অবশেষে ১৬ জানুয়ারি সিনেমাটি মুক্তি পায়। প্রকাশ করা হয় এই সিনেমার গান ‘শাদা কালো’।

এই গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীতায়োজনও করেছেন হৃদয় খান নিজে। একই সঙ্গে আলী আফরোজ অর্ণবের সিনেমাটোগ্রাফিতে ভিডিও পরিচালনাও করেছেন তিনি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ