উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার রুটিন প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বুধবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ রুটিন প্রকাশ করা হয়। পরীক্ষা শুরু হবে ২রা জুলাই। চলবে ৮ই আগস্ট পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে ১৫ই আগস্টের মধ্যে।
প্রকাশিত রুটিনে পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষাকক্ষে এসে নিজ নিজ আসনে বসতে হবে।
রুটিন অনুযায়ী, প্রতিটি পরীক্ষার শুরুতে বহুনির্বাচনি অংশ এবং পরে সৃজনশীল বা রচনামূলক অংশ অনুষ্ঠিত হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনি অংশের জন্য সময় নির্ধারণ করা হয়েছে ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল অংশের জন্য সময় থাকবে ২ ঘণ্টা ৩০ মিনিট।
যেসব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা রয়েছে, সেসব ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনি অংশের জন্য সময় থাকবে ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল অংশের জন্য সময় নির্ধারণ করা হয়েছে ২ ঘণ্টা ৩৫ মিনিট।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষা চলাকালে কোনো ধরনের বিরতি থাকবে না। বহুনির্বাচনি ও সৃজনশীল অংশের মধ্যে বিরতি ছাড়াই ধারাবাহিকভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত পরীক্ষা অব্যাহত থাকবে।
শিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষার সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে এসব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে। পরীক্ষার্থীদের সময়মতো উপস্থিত হয়ে নির্ধারিত নিয়ম মেনে পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।





