গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে সকল ধরনের সামরিক সরঞ্জাম আমদানি ও রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে স্লোভেনিয়া। ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য রাষ্ট্র হিসেবে এই প্রথম ইসরায়েলের বিরুদ্ধে এত কঠোর অবস্থান নিল দেশটি।
নিষেধাজ্ঞাটি বৃহস্পতিবার (১ আগস্ট) জারি করে মধ্য ইউরোপের এই ছোট্ট দেশটি। স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গলোব স্পষ্টভাবে জানান, গাজায় গণহত্যার প্রতিবাদেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, “গাজার মানুষ পানি, খাদ্য ও চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারাচ্ছে অসংখ্য শিশু ও নারী। অথচ ইউরোপীয় ইউনিয়ন অভ্যন্তরীণ মতভেদ ও সমন্বয়ের অভাবে তাদের ন্যূনতম দায়িত্বও পালন করতে ব্যর্থ হচ্ছে।”
স্লোভেনিয়া আগেও ইসরায়েলের সঙ্গে সামরিক বাণিজ্যে জড়িত ছিল না। তবুও তারা তাদের ভবিষ্যৎ সামরিক লেনদেন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে, এমনকি দেশটির সীমান্ত ব্যবহার করে অন্য কোনো রাষ্ট্রও ইসরায়েলকে সামরিক সহায়তা পাঠাতে পারবে না।
বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র আমদানিকারক ইসরায়েল মূলত যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর ওপর নির্ভর করে সামরিক সহায়তার জন্য। বিশ্লেষকদের মতে, প্রতিবছর শুধুমাত্র যুক্তরাষ্ট্র থেকে ৩.৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সামরিক সহায়তা পায় ইসরায়েল। এছাড়া জার্মানি, যুক্তরাজ্য ও ইতালির মতো দেশগুলো থেকেও পায় গুরুত্বপূর্ণ সামরিক সহায়তা।
গত বছর যুক্তরাজ্য, ফ্রান্স ও বেলজিয়াম ইসরায়েলের সঙ্গে সীমিত সামরিক বাণিজ্য বন্ধ ঘোষণা করলেও সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেয়নি। সেখানে স্লোভেনিয়ার পদক্ষেপকে ইউরোপে একটি সাহসী এবং ব্যতিক্রমধর্মী সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।
স্লোভেনিয়ার এই ঘোষণার মাধ্যমে ইউরোপের অন্য দেশগুলোকে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে— গণহত্যার বিরুদ্ধে শুধু নিন্দা নয়, কার্যকর পদক্ষেপই জরুরি।





