ডেস্ক রিপোর্ট: রুদ্ধশ্বাস লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে সাফ ফুটবলে বাংলাদেশের শিরোপা অর্জন: বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা ইতালির সভাপতি হাজী মোহাম্মদ জসিম উদ্দিনের অভিনন্দন। এক অভিনন্দন বার্তায় তিনি অনূর্ধ্ব ২০ বাংলাদেশ ফুটবল দলের সাফল্য কামনা করেছেন।

রুদ্ধশ্বাস লড়াই শেষে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ। মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ শটে গোল করে দলের জয় নিশ্চিত করেন প্রবাসী ফুটবলার রোনান সুলিভান।
টাইব্রেকার পর্বে শুরু থেকেই ছিল নাটকীয়তা। টসে জিতে প্রথমে শট নেয় ভারত, তবে বাংলাদেশের গোলরক্ষক মাহিন দুর্দান্ত সেভ করে দলকে এগিয়ে দেন। এরপর মোর্শেদ, চন্দন ও ফাহিম গোল করে বাংলাদেশের লিড ধরে রাখেন।
চতুর্থ শটে এসে নাটকীয়তা বাড়ে আরও। বাংলাদেশের স্যামুয়েল শট নিতে গেলে ভারতের গোলরক্ষক চোটের কারণে সময় নেন। খেলা পুনরায় শুরু হলে স্যামুয়েলের শট লাগে ক্রসবারে। চার শট শেষে তখন স্কোর দাঁড়ায় ৩-৩।
শেষ শটে ভাগ্য নির্ধারণের পালা। ভারতের হয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা শট নিতে এসে বল উড়িয়ে মারেন পোস্টের ওপর দিয়ে। ফলে শেষ শটে গোল করলেই জয়ের সুযোগ পায় বাংলাদেশ। সেই কঠিন মুহূর্তে দারুণ স্থিরতা দেখিয়ে জাল খুঁজে নেন রোনান সুলিভান, নিশ্চিত করেন শিরোপা।






