মাত্র ১২ বছর বয়সেই বিশ্ব সাঁতারে ইতিহাস গড়লেন চীনের স্কুলছাত্রী ইউ জিদি। ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপে রিলেতে ব্রোঞ্জ জিতে তিনি হয়ে উঠেছেন প্রতিযোগিতাটির ইতিহাসে সবচেয়ে কম বয়সে পদক জয়ের রেকর্ডধারী সাঁতারু।
সিঙ্গাপুরে চলমান বিশ্ব চ্যাম্পিয়নশিপে মেয়েদের ৪x২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে অংশ নেন জিদি। প্রতিযোগিতার হিট পর্বে অংশ নিলেও ফাইনালে খেলেননি। তবে হিটে অংশগ্রহণ করায় দল জিতলে পদক পাওয়ার নিয়মে তিনিও ব্রোঞ্জের অংশীদার হন। ওই ফাইনালে স্বর্ণ জেতে অস্ট্রেলিয়া, রুপা পায় যুক্তরাষ্ট্র।
রেকর্ড গড়ার পর উচ্ছ্বসিত জিদি বলেন, ‘এটা খুবই আবেগঘন অনুভূতি। আমি খুব আনন্দিত।’
বিশ্ব চ্যাম্পিয়নশিপে এবারই প্রথম নজর কাড়েননি জিদি। এর আগে সোমবার ২০০ মিটার ব্যক্তিগত মিডলে ফাইনালে মাত্র ০.০৬ সেকেন্ডের ব্যবধানে পদক হারিয়ে চতুর্থ হন এই কিশোরী।
জিদি বিশ্বসাঁতার চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়লেও বিশ্ব রেকর্ডটি তার নয়। ১৯৩৬ বার্লিন অলিম্পিকে ১২ বছর পূর্ণ হওয়ার এক মাস আগেই ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ব্রোঞ্জ জিতেছিল ডেনমার্কের ইনগে সোরেনসেন। আর জিদির বয়স এখন ১২ বছর ৯ মাস। তবু বিশ্ব অ্যাকুয়াটিকসে সবচেয়ে কম বয়সে পদক জয়ের রেকর্ড এখন ইউ জিদির দখলে।





