টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান। তবে এই সিদ্ধান্তে পাকিস্তান শেষ পর্যন্ত অটল থাকতে পারবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার। তার মতে, পাকিস্তানি ক্রিকেটাররা যেমন অবসর ভেঙে ফিরে আসেন, তেমনি পিসিবিও চাপের মুখে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে।
‘আজতাক’কে দেওয়া সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, ‘আগামী দুই-চার দিনের মধ্যে বিশ্বজুড়ে এবং সাবেক ক্রিকেটারদের প্রতিক্রিয়া দেখে পাকিস্তান তাদের সিদ্ধান্ত বদলাতে পারে। অতীতে আমরা দেখেছি, পাকিস্তানি ক্রিকেটাররা অবসর নিয়ে ভক্তদের দোহাই দিয়ে আবার ফিরে আসে। ভারত ম্যাচের ক্ষেত্রেও তেমনটি ঘটতে পারে।’
এদিকে ভারত ম্যাচ বর্জনের ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হচ্ছে পাকিস্তান। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের করুণ পরিসংখ্যান তুলে ধরে অনেকেই টিপ্পনী কাটছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৮ ম্যাচে মাত্র ১ জয় পেয়েছে পাকিস্তান। এই পরিসংখ্যান তুলে ধরে এক ভক্ত এক্সে লিখেছেন, ‘যখন তুমি তাদের হারাতে পারবে না, তখন ম্যাচ বয়কট করো। এটাই পিসিবির মন্ত্র।’ আরেকজনের মন্তব্য, ‘নেট রানরেটের ক্ষতি এড়াতেই ভারতের সঙ্গে না খেলার স্মার্ট সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।’





