আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। বুধবার (৬ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার বরাবর এ চিঠি পাঠানো হয় বলে নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
চিঠিতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বলেন, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে। এর মধ্য দিয়ে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের আয়োজন শুরু করার অনুরোধ জানানো হলো।
চিঠির প্রেক্ষাপটে জানানো হয়, গত ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে’ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন আয়োজনের ব্যাপারে নির্বাচন কমিশনকে চিঠি পাঠানোর ঘোষণা দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় এই চিঠি প্রদান করা হয়।
চিঠিতে বলা হয়, গত ১৫ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত মানুষের জন্য এ নির্বাচন যেন একটি আনন্দময় ‘ভোট উৎসব’ হয়, সে বিষয়ে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা। একইসঙ্গে সুষ্ঠু নির্বাচনের জন্য আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে।
চিঠির মাধ্যমে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে।





