প্রথমে জুতা পাচ্ছে প্রথম শ্রেণির শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ

ঢাকা: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, যাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে পাটের তৈরি ব্যাগ, ড্রেস ও ফুটওয়্যার সামগ্রী দেওয়া হয়। এ লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে।

 

বৃহস্পতিবার (০৭ মে) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষস্থানীয় লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও ফুটওয়্যার সামগ্রী বিতরণ বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার প্রাথমিক শিক্ষার্থীদের জন্য একটি পাইলট কর্মসূচি হাতে নিয়েছে।

এর মাধ্যমে প্রথম ধাপে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে মানসম্মত স্কুল জুতা বিতরণ করা হবে। এ উদ্যোগ বাস্তবায়নে দেশের বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তাদের সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে সরকারকে অনুদান দেওয়ার আশ্বাস দিয়েছে।
 

তিনি জানান, প্রাথমিকভাবে প্রতিটি উপজেলায় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির সব শিক্ষার্থীর মধ্যে (প্রায় এক লাখ শিক্ষার্থী) জুতা বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে সীমিত পরিসরে দ্রুত ও কার্যকরভাবে পাইলট কর্মসূচি বাস্তবায়ন করা যায়।

ববি হাজ্জাজ বলেন, আমরা চাই এ উদ্যোগ শুধু একটি বিতরণ কর্মসূচি না হয়ে শিশুদের জন্য একটি মর্যাদাপূর্ণ ও সমন্বিত সহায়তা হিসেবে প্রতিষ্ঠিত হোক।

এজন্য জুতার মান, স্টাইল ও উৎপাদন প্রক্রিয়ায় সমন্বয় থাকা অত্যন্ত জরুরি। বিভিন্ন প্রতিষ্ঠানের জুতার গুণগত মানে বড় ধরনের বৈষম্য থাকলে তা শিশুদের মধ্যে অসম অভিজ্ঞতা তৈরি করতে পারে। তাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য মান নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। 

এ সময় টেকনিক্যাল ও কোয়ালিটি স্ট্যান্ডার্ড নির্ধারণে একটি কমিটি গঠনের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। কমিটিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি, সংশ্লিষ্ট টেকনিক্যাল বিশেষজ্ঞ, লেদার ইনস্টিটিউট ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করার পাশাপাশি সহযোগী প্রতিটি প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি রাখার নির্দেশনা দেন তিনি।

ডিজাইন, কোয়ালিটি চেকিং ও সার্টিফিকেশন আন্তর্জাতিক মান অনুযায়ী নিশ্চিত করতে টেকনিক্যাল বিশেষজ্ঞদের সম্পৃক্ততার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, সরকারের ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে দ্রুত সময়ের মধ্যে এ পাইলট কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যেহেতু প্রতিষ্ঠানগুলো নিয়মিতভাবে এ ধরনের জুতা উৎপাদন করে, তাই অল্প সময়ের মধ্যেই কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভায় বসুন্ধরা গ্রুপ, বাটা, এপেক্স, প্রাণ-আরএফএলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেন এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ