সুনামগঞ্জে আমির হোসেন নামের এক পুলিশের এসআইকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন তার স্ত্রী।
বৃহস্পতিবার শহরের ভাড়া বাসায় বৈদ্যুতিক পাখার সাথে ঝুলে আত্মহত্যা করেন মাহফুজা বেগম (২২) নামে পুলিশ কর্মকর্তার ওই স্ত্রী। তিনি আমির হোসেনের দ্বিতীয় স্ত্রী।
মাহফুজা বেগমের বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সুলেমানপুর গ্রামে। এসআই আমির হোসেনের বাড়ি বি-বাড়িয়া জেলায়। তিনি বর্তমানে সুনামগঞ্জের দিরাই থানায় কর্মরত আছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাহফুজা সুনামগঞ্জ সরকারি কলেজে লেখাপড়া করতেন। তখন তাদের দু’জনের মাঝে পরিচয় ও প্রেমের সর্ম্পক তৈরি হয়। বছর খানেক আগে তারা বিয়ে করেন। এরপর শহরের বাঁধনপাড়া এলাকায় একটি বাসা নিয়ে থাকতেন মাহফুজা ও আমির হোসেন।
মাস তিনেক আগে মাহফুজা ও তার পরিবার জানতে পারে আমির হোসেন আগে আরেকটি বিয়ে করেছেন। তার সন্তানও আছে। এ নিয়ে দু’জনের মধ্যে মনোমালিন্য শুরু হয়।
এদিকে পরিবারকে না জানিয়েই মাহফুজা আমির হোসেনকে বিয়ে করেছিলেন। পরে মাহফুজার পরিবার এ বিয়ে মেনে নিলেও আমিরের পরিবার তা মানেনি। এর জেরে বৃহস্পতিবার স্বামীকে মুঠোফোনে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেন মাহফুজা।
মাহফুজার মা খালেদা বেগম জানান, আমির হোসেনের পরিবার বিয়েটা মেনে নেয়নি। মাঝে মধ্যে আমিরের মা ও আগের স্ত্রী ফোন করে মাহফুজাকে গালিগালাজ করত।
বুধবার রাতেও তাকে একইভাবে গালিগালাজ করে। বিষয়টি মাহফুজা আমিরকে জানালেও তিনি কোনো ব্যবস্থা নেননি। উল্টো মাহফুজাকে কল দিয়ে নানাভাবে নির্যাতন করেন। পারিবারিক অশান্তিতেই মেয়েটি এ পথ ধরেছে।
এসআই আমির হোসেন জানান, ‘স্ত্রীর সাথে তার কোনো ঝামেলা ছিল না। তবে মাঝে মধ্যে রাগে সে মোবাইল ফোন ভেঙে ফেলত। প্রচণ্ড জেদি ছিল।’
ভিডিওতে মাহফুজা গলায় ফাঁস লাগানোর সাথে সাথে বাসার মালিককে ফোনে বিষয়টি জানান আমির। কিন্তু মালিক গিয়ে দরজা খুলতে পারেননি। পরে সুনামগঞ্জ সদর থানার পুলিশ গিয়ে দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।
আমির হোসেন বলেন,‘আমি তাকে আমার আগের বিয়ের বিষয়টি নিয়ে অনেকবার বুঝিয়েছি। তারপরও মাঝে মাঝে সে রাগ করে আত্মহত্যা করবে বলে হুমকি দিয়েছে। কিন্তু সে সত্যিই আত্মহত্যা করবে ভাবতেই পারিনি।’
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, মাহফুজার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে, তদন্ত শেষে এই বিষয়ে বিস্তারিত জানানো যাবে।





