নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে রাজি হয়নি বাংলাদেশ। যৌথ আয়োজক শ্রীলঙ্কায় ম্যাচগুলো স্থানান্তরের দাবি জানিয়েছিল তারা। আইসিসি এ দাবি না মেনে টি২০ বিশ্বকাপ থেকেই বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে। বাংলাদেশকে এভাবে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় ভারতের ২০৩৬ অলিম্পিক আয়োজন হুমকির মুখে পড়তে পারে বলে জানিয়েছে প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’।
গার্ডিয়ানের ওই প্রতিবেদনে লেখা হয়েছে, আইসিসি বাংলাদেশকে বাদ দিলেও এই সিদ্ধান্তের পেছনে মূল কারিগর যে ভারত সেটি সবাই জানে। বিসিসিআই (বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বা ভারতীয় ক্রিকেট বোর্ড) লবিং করে এটা করেছে বলেও স্পষ্টতই বলেছে গণমাধ্যমটি। অথচ আইসিসি সবসময় বলে যে তারা স্বাধীনভাবে কাজ করে। ইতিহাস বলে যে আইসিসি যত সিদ্ধান্ত নিয়েছে, সবই বিসিসিআই’র পক্ষে গেছে। এই যেমন ২০২৪ টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল গায়ানায় আয়োজনের গারান্টি প্রকাশ্যে ভারতকে আইসিসি দিয়েছিল আর্থিক লাভালাভ ও সম্প্রচারের ধুয়া তুলে।
আইসিসিতে বিসিসিআইয়ের প্রচণ্ড প্রভাব এবং সংগঠনটি ভারতীয় সরকারেও ঘনিষ্ঠ। আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ, তিনি ছিলেন বিসিসিআইয়ের সাবেক সচিব। তাঁর বাবা অমিত শাহ ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। আইসিসির প্রধান নির্বাহী সঞ্জয় গুপ্তাও একজন ভারতীয়। এর আগে তিনি ভারতের আইসিসি ইভেন্টের সম্প্রচারের দায়িত্ব পাওয়া ‘জিওস্টার’-এর প্রধান নির্বাহী ছিলেন। এখানেও ভারত সরকারের নিয়ন্ত্রণের ব্যাপারটা ওপেন সিক্রেট।
অথচ অলিম্পিক সনদে বলা হয়েছে, ক্রীড়া সংস্থাগুলোকে স্বায়ত্তশাসিত হতে হবে। তাদের প্রশাসন ও নিয়ম-নীতিও হবে স্বাধীন। সেখানে রাজনৈতিক কর্তৃপক্ষের কোনো হস্তক্ষেপ চলবে না। এই নীতি জোরদার করা হয়েছে ৫০.২ ধারায়। সেখানে অলিম্পিক গেমসে কোনো রাজনৈতিক বা ধর্মীয় অভিব্যক্তি নিষিদ্ধ করা হয়েছে। এই নিয়মের বেশ কঠোর প্রয়োগ করে আইওসি (ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি)। গত অক্টোবরে ইন্দোনেশিয়াকে ভবিষ্যতে অলিম্পিক আয়োজনের ব্যাপারে স্থগিতাদেশ দেওয়া হয়। বিশ্ব আর্টিস্টিক জিমন্যাস্টিকস প্রতিযোগিতায় ইসরায়েল দলকে ভিসা না দেওয়ায় এ শাস্তির মুখে পড়ে তারা। তারাও ২০৩৬ অলিম্পিক আয়োজন করতে চায়।
এই কঠিন সময়ে এই রাজনৈতিক টানাপোড়েনে পড়ে গেছে ভারত। ভারতের বিশাল বাজার ধরার লক্ষ্যেই ক্রিকেটকে অন্তর্ভুক্ত করেছে আইওসি। কিন্তু গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, কোনোভাবেই এই নিয়মের সঙ্গে আপস করবে না আইওসি।
২০৩৬ সালে আহমেদাবাদে অলিম্পিক আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছে ভারত। আয়োজক হওয়ার দৌড়ে তাদের প্রতিদ্বন্দ্বী কাতার। গত মাসে দিল্লিতে ২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজনের ব্যাপারটিও নিশ্চিত হয়েছে। তবে টি২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া সেখানেও ঝামেলা তৈরি করতে পারে।





