১৯৭৮ সালে জন্ম হওয়া বিএনপি কিভাবে মুক্তিযুদ্ধের দল হতে পারে, সেই প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম। তিনি বলেন, ‘বিএনপি প্রতিষ্ঠা হয়েছে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর, মুক্তিযুদ্ধ হয়েছে একাত্তর সালে। মুক্তিযুদ্ধের দল কিভাবে বিএনপি হতে পারে?’বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রশ্ন তোলেন।
আজহারুল ইসলাম উল্লেখ করেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা হয়।
বিএনপি দাবি করে মুক্তিযুদ্ধের দল। অথচ বিএনপি প্রতিষ্ঠা হয়েছে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর আর মুক্তিযুদ্ধ হয়েছে একাত্তর সালে। মুক্তিযুদ্ধের দল কিভাবে বিএনপি হতে পারে? তাহলে এটা কিভাবে আমি মূল্যায়ন করব? বিএনপিতে মুক্তিযোদ্ধা আছে, এটা আপনি বলতে পারেন। তদ্রুপ জামায়াতে ইসলামীতেও মুক্তিযোদ্ধা আছে।জুলাই গণ-অভ্যুত্থানের উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাই আন্দোলন হঠাৎ করে হয়েছে, এটা ঠিক নয়। একটা সরকার যাবে, আরেকটা সরকার আসবে, সে জন্য এ আন্দোলন ছিল না। এটি একটি পরিবর্তনের আন্দোলন ছিল। এটি ছিল বলেই আমাদের ঐকমত্য কমিশনের মাধ্যমে আমরা সুপারিশ দাঁড় করিয়েছিলাম, যার মাধ্যমে গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং গণভোটের পক্ষে ৭০ শতাংশ রায় দিয়েছে।
আজহারুল ইসলাম আরো বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, বিশেষ করে ১৬ বছরে দল হিসেবে জামায়াতে ইসলামীর চেয়ে বেশি কেউ নির্যাতনের শিকার হয়নি। আর কোনো দলের প্রধান নেতা থেকে আরম্ভ করে, সেক্রেটারি জেনারেল থেকে আরম্ভ করে ১১ জন নেতাকে জেলখানায় ফাঁসি দিয়ে এবং বিনা চিকিৎসায় হত্যা করা হয়নি। জামায়াতে ইসলামী প্রমাণ করেছে, তারা বাংলাদেশের জনগণকে ভালোবাসে।তিনি বলেন, ‘জামায়াতের নেতারা ভয় পেয়ে জীবন রক্ষার জন্য, সুন্দর জীবনযাপনের জন্য কোনো সময় দেশ থেকে পালিয়ে যাননি। ফাঁসির মঞ্চে গিয়েছেন, শহীদ হয়েছেন, দেশ ছাড়েননি।
এ দেশের জনগণ জানেন কারা ত্যাগ বেশি স্বীকার করেছে। আমি কারো ত্যাগকে অস্বীকার করি না, ছোট করে দেখতে চাই না। এমন কথা বলবেন না, যেটা জনগণ বিশ্বাস করে না এবং আমাদের মনে আঘাত সৃষ্টি করে।’