অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুরে ৭০০ সিসিটিভি ক্যামেরা বসাবে ডিএমপি

রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং অপরাধ দমনে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। খুব দ্রুতই এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরে নবনির্মিত বসিলা অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার জানান, পুরো মহানগরীর পাশাপাশি বিশেষ গুরুত্বের এলাকা হিসেবে মোহাম্মদপুরকে বিবেচনায় রাখা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে কেবল মোহাম্মদপুর এলাকাতেই সাতশ সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঢাকা শহরকে আরও নিরাপদ করে গড়ে তোলাই পুলিশের মূল লক্ষ্য।

সিসি ক্যামেরার পাশাপাশি প্রযুক্তির আরও ব্যবহারের কথা জানিয়ে কমিশনার বলেন, ডিএমপির পক্ষ থেকে হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হচ্ছে এবং ভাড়াটিয়াদের তথ্যের সঠিক ব্যবস্থাপনার জন্য একটি বিশেষ অ্যাপ আনা হচ্ছে। এছাড়া মোহাম্মদপুর এলাকার অপরাধীদের শনাক্ত করার জন্য তাদের ছবিসহ বিজ্ঞপ্তি খুব শিগগিরই প্রকাশ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

বসিলা অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধনের সময় স্থানীয় বাসিন্দারা তাদের এলাকার নিরাপত্তা ও জনদুর্ভোগের নানা সমস্যার কথা ডিএমপি কমিশনারের কাছে তুলে ধরেন। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি কার্যক্রম আরও গতিশীল করা হবে বলে তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ