আজ রবিবার (২৬ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত বছরের ২৩ অক্টোবর আদালত তদন্তের জন্য ৬ মাস সময় দিয়েছিলেন, যা আজ শেষ হওয়ার কথা ছিল।
শুনানি চলাকালে রিটকারী আইনজীবী শিশির মনির ও মঞ্জিল মোরশেদ তদন্ত কর্মকর্তাকে সশরীরে তলবের আবেদন জানিয়েছিলেন। তবে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল আদালতে জানান, তদন্ত কর্মকর্তা মামলার একটি অগ্রগতি প্রতিবেদন পাঠিয়েছেন এবং পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের জন্য আরো ৬ মাস সময় চেয়ে আবেদন করেছেন।
অ্যাটর্নি জেনারেল আক্ষেপের সঙ্গে বলেন, ‘১৩ বছরেও একটি চাঞ্চল্যকর হত্যার চার্জশিট দিতে না পারা অত্যন্ত বেদনাদায়ক।’
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।





