জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি বলেছেন, সরকারি দলকে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ ও নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে। আগামী দিন শুরু হবে সংবিধান সংস্কার পরিষদের যাত্রা। সরকারি দল সংবিধান সংস্কারের শপথ নিতে সম্মত হবে বলে আশা করছি।
বুধবার রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে দলের বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, হ্যাঁ ভোটের মাধ্যমে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। এটি কার্যকর করা আমাদের অন্যতম দায়িত্ব। সেই দায়িত্ব পালনের জন্য সংসদে যাচ্ছি। দেশকে দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করতে হবে। তিনি বলেন, বিশ্বে যুদ্ধ চলছে। দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে। এ সময় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, সারাজীবন ভারতের বিপক্ষে কথা বলা দলটি এখন ক্ষমতার লোভে ওই দেশের সঙ্গে সমঝোতা করে। যারা দুর্নীতিবাজ, চাঁদাবাজদের সঙ্গে সমঝোতা করে, যারা ভারতের সঙ্গে সমঝোতা এবং আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে, তাদের বয়কট করতে হবে। দেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদ মেনে নেবে না।
দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিকুর রহমান মোজাহিদ এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।




