বাংলাদেশ রেলওয়ের অধীনে এই বছরে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচের সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে জামায়াতের এমপি ইলিয়াস মোল্লা ও রুহুল আমিনের পৃথক প্রশ্নের জবাবে এ কথা জানান রেলপথ মন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।
শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশ রেলওয়ের অধীনে এই বছরে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচের সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে। প্রকল্পের আওতায় জুন ২০২৬ হতে ২০২৭ সালের ডিসেম্বর নাগাদ ২০০টি ব্রডগেজ ক্যারেজ বাংলাদেশ রেলওয়ে বহরে যুক্ত হবে বলে আশা করা যায়। ক্যারেজগুলো পাওয়া সাপেক্ষে নতুন ট্রেন পরিচালনার বিষয়ে বাংলাদেশ রেলওয়ে রুট নির্ধারণে উদ্যোগ গ্রহণ করবে।
বিএনপির এমপি মোশারফ হোসেনের প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম জানান, বর্তমানে দেশে ৩ হাজার ৪২৮ দশমিক ০৯ কিলোমিটার রেলপথ রয়েছে। এর মধ্যে মিটারগেজ একহাজার ৫৯১ দশমিক ৪৩ কিলোমিটার ও ব্রডগেজের পরিমাণ এক হাজার ৬৬ দশমিক ৬০ কিলোমিটার এবং ডুয়েলগেজের পরিমাণ ৭৭০ দশমিক ০৬ কিলোমিটার। এছাড়াও বিভিন্ন প্রকল্পের অধীনে বাস্তবতার নিরিখে ব্রডগেজ এবং ডুয়েলগেজ নতুন রেললাইন স্থাপনের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের নেটওয়ার্ক সম্প্রসারণের কার্যক্রম চলমান আছে।
সরকার দলীয় এমপি মোহাম্মদ শামীম কায়সারের প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী জানান, বর্তমানে ঢাকা হতে উত্তরবঙ্গের জেলাগুলোর সঙ্গে ১৫টি আন্তঃনগর ট্রেন চালু আছে। ভারত থেকে কোচসমূহ আসা শুরু হলে ঢাকা হতে উত্তরবঙ্গের কিছু জেলাতে আন্তঃনগর ট্রেনের সংখ্যা বাড়ানো সম্ভব হবে।
তিনি আরও বলেন, যাত্রীদের আরামদায়ক ট্রেন ভ্রমণ নিশ্চিত এবং মালামাল পরিবহনের মাধ্যমে রেলওয়ের রাজস্ব বৃদ্ধির জন্য অদূর ভবিষ্যতে ২৬০টি ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ, ৪৬টি ব্রডগেজ লোকোমোটিভ ও ৫০টি মিটারগেজ লোকোমেটিভ সংগ্রহ করার জন্য প্রকল্প অনুমোদনের কাজ চলমান আছে।
শিগগিরই এসি বাসের ভাড়ার তালিকা হবে
স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী শেথ রবিউল আলম জানান, শীঘ্রই এসি বাস/মিনিবাসের ভাড়া তালিকা তৈরি করা হবে। সেটি গণপরিবহনের অভ্যন্তরে ডিজিটাল ডিসপ্লেতে প্রদর্শন করার ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরকার দলীয় এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর প্রশ্নের জবাব সড়ক পরিবহন মন্ত্রী জানান, পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে দেশের সড়ক/মহাসড়কে চলাচলরত গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জিপিএস প্রযুক্তি চালু হলে গণপরিবহনের অবস্থান ও গতি সহজে পর্যবেক্ষণ করা যাবে। ফলে সড়কে যত্রতত্র থামিয়ে ওঠানামা করা ও অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়ম নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এছাড়া কোনো গণপরিবহন সড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম ও ট্র্যাফিক আইন অমান্য করলে স্বয়ংক্রিয়ভাবে তার রেকর্ড সংরক্ষণ হবে এবং সংশ্লিষ্ট পরিবহনের চালক ও মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাতের (হাসনাত আব্দুল্লাহ) প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানান, ২০২৪ সালের ১ জানুয়ারি হতে বর্তমান সময় পর্যন্ত ক্রয় কার্যক্রমে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণের ভিত্তিতে ৮১টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিভিন্ন মেয়াদে ক্রয় কার্যক্রমে অযোগ্য ঘোষণা করা হয়েছে। আইন ও বিধির আলোকে কোনো ব্যক্তি বা ক্রয়কারী সংস্থার কর্মকর্তা/কর্মচারী পেশাগত অসদাচরণে জড়িত হলে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনি ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়, যা চলমান প্রক্রিয়া। এ পরিপ্রেক্ষিতে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুসারে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা বর্তমানে চলমান রয়েছে।
সরকার দলীয় এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর জানান, বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) আওতাধীন ২৫টি মিলের মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৯টি মিল চালু আছে। বন্ধ পাটকলগুলি চালু করার পরিকল্পনা আছে।
২০২০ সালের ১ জুলাই সরকারি ব্যবস্থাপনায় বিজেএমসির আওতাধীন ২৫টি মিলের উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় এবং ২০টি মিল বেসরকারি ব্যবস্থাপনায় ইজারা ভিত্তিতে পুনঃচালুর সিদ্ধান্ত হয়। ইতিমধ্যে ১৪টি মিলের ইজারা শেষ করা হয়েছে, যার মধ্যে ৯টি মিল চালু করা হয়েছে। অবশিষ্ট ছয়টি মিল ইজারা প্রদানের লক্ষ্যে কার্যক্রম চলছে, তিনটি মিলের বিপরীতে চূড়ান্ত প্রস্তাব আহ্বান করা হয়েছে, একটি মিলের বিপরীতে আগ্রহী প্রতিষ্ঠানের প্রস্তাব মূল্যায়ন কাজ চলছে, একটি মিলের ইওআই আহ্বান করা হয়েছে এবং একটি মিলের ইজারা কার্যক্রম প্রক্রিয়াধীন। বাকি মিলগুলোও সরকার ঘোষিত (যদিও সেটি বিএনপির দলীয় দফা) ৩১ দফার আলোকে বেসরকারি ব্যবস্থাপনায় চলতি বছরের ডিসেম্বরের মধ্যে চালু করা সম্ভব হবে বলে আশা করা যায়।
সরকার দলীয় এমপি মোহাম্মদ আলি আসগারের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর জানান, ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরে বিশ্বের ৩০টি দেশে পাট ও ১৩৮ দেশে পাটপণ্য রপ্তানি করা হয়। এরমধ্যে ২০২৪-২৫ অর্থবছরে ৪২ হাজার ৩৯ মেট্রিক টন ও চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত ২২ হাজার ৮৫০ মেট্রিক টন কাঁচা পাট রপ্তানি করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে সাত লাখ ৫১ হাজার ৭৩৯ মেট্রিকটন এবং চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত ৪ লাখ ৯ হাজার ৩৬৬ মেট্রিকটন পাটপণ্য রপ্তানি করা হয়েছে।
সরকার দলীয় এমপি এ ই সুলতান মাহমুদ বাবুর প্রশ্নের জবাবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, নির্যাতনের শিকার নারী ও শিশুকে তাৎক্ষণিক সহায়তা প্রদানের জন্য মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ছয়টি বিভাগীয় শহরে (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট) নারী নির্যাতন প্রতিরোধ সেল এবং নির্যাতিত নারীদের সাময়িক অবস্থানের জন্য ‘সেইফ হোম’ রয়েছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল টোল ফ্রি হেল্পলাইন-১০৯ হেল্পলাইনের মাধ্যমে প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ৮৭ লাখ ৮ হাজার ১৪৯টি কলে সেবা প্রদান করা হয়েছে।
তিনি জানান, বর্তমানে ১৪টি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) স্থাপন করা হয়েছে। ফেব্রুয়ারি পর্যন্ত ৮০ হাজার ৩৯৫ জনকে চিকিৎসা, আইনি, পুলিশি ও মনো সামাজিক কাউন্সেলিং সেবা প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে মোট ৩৭টি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার স্থাপন করা হবে। বর্তমানে ৬৭টি ওয়ান স্টপ ক্রাইসিস সেলের মাধ্যমে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এক লাখ ৬৬ হাজার ৫৭০ জন নির্যাতনের শিকার নারী ও শিশুদের প্রয়োজনীয় সেবা গ্রহণ করেছেন। দেশে ৭টি বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ৪০ হাজার ৪০৫ নমুনার ডিএনএ প্রোফাইলিং করা হয়েছে।





