সিলেট সফরে বিভিন্ন কর্মসূচি শেষে একসঙ্গে কথা বলেছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। শনিবার সিলেট সার্কিট হাউসে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যমের সঙ্গে তারা একসঙ্গে দাঁড়িয়ে বিভিন্ন ইস্যুতে কথা বলেন।
ব্রিফিংকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির ঈদের আগেই শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া মজুরি ও বেতন পরিশোধ করার কথা জানিয়েছেন। তিনি ব্যক্তি খাতে কর বাড়ানো হবে না উল্লেখ করে সে বিষয়ে অর্থমন্ত্রীর একটি মন্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, অর্থমন্ত্রীর বক্তব্য ভুলভাবে মিডিয়ায় এসেছে। বাংলাদেশে ট্যাক্স জিডিপির রেশিও অনেক কম। আশপাশের সব দেশে অনেক বেশি। এই রেশিও কম হওয়ার কারণে আমাদের যা রাজস্ব আদায় হয়, তা সরকারের খরচ মেটাতে চলে যায়। উন্নয়নে ব্যয় করা সম্ভব হয় না। তাই অর্থমন্ত্রী ট্যাক্স জিডিপির রেশিও বাড়ানোর কথা বলেছেন।
খন্দকার আবদুল মুক্তাদির রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে উল্লেখ করে বলেন, প্রথম দু-একদিন লেবুসহ কয়েকটি পণ্যের দাম অহেতুক বেড়ে গিয়েছিল। এখন আবার আগের অবস্থায় চলে এসেছে। তিনি এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের কাছে মুক্তবাণিজ্য চুক্তির বিষয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানান।
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুর হক চৌধুরী বন্ধ থাকা বিশ্বের বিভিন্ন শ্রমবাজার পুনরায় চালু করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন। তিনি বলেন, আগামী এক মাসের মধ্যেই এ বিষয়ে ইতিবাচক ফল পাওয়া যাবে। স্পেনে অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স যথাসময়ে পৌঁছে দেওয়ার বিষয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে।
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী হাওর রক্ষার কাজে কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না উল্লেখ করে বলেন, আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে নদী ও খাল খনন এবং হাওররক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কারে কাজ চলছে। জিরো টলারেন্স নীতিতে সরকার কাজ করছে।
এর আগে শনিবার বিকেলে বাণিজ্য ও পানিসম্পদমন্ত্রী নদীভাঙন কবলিত সিলেটের সুরমা ও চেঙ্গার নদী এলাকা পরিদর্শন করেন। অপর মন্ত্রী আরিফুল হক তাঁর নির্বাচনী এলাকায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন।





