ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজ খেলে বিদায়ের অপেক্ষায় সাকিব

কানপুর টেস্টের আগে অবসরের ঘোষণা দিয়েছিলেন, টি-টোয়েন্টি থেকেও সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে নিজের শেষ টেস্ট খেলার ইচ্ছাও পোষণ করেছিলেন, কিন্তু রাজনৈতিক কারণে তা আর হয়ে ওঠেনি। অবশেষে নিজের অবসর পরিকল্পনা নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার জানালেন, তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সংস্করণ থেকেই অবসর নেননি। তার চূড়ান্ত ইচ্ছা, দেশে ফিরে তিন ফরম্যাটের একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে তবেই ক্রিকেটকে বিদায় জানানো।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টি লিগ খেলতে ব্যস্ত সাকিব। সেখানেই ‘বিয়ার্ড বিফোর উইকেট’ নামের এক পডকাস্টে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান তিনি।

রোববার প্রকাশিত সেই পডকাস্টে সাকিব বলেন, ‘আনুষ্ঠানিকভাবে আমি অবসর নিইনি। আমার পরিকল্পনা হলো বাংলাদেশে ফিরে যাওয়া এবং একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলা। সেটা ওয়ানডে, টেস্ট এবং টি-টোয়েন্টি সব মিলিয়েই। তারপর অবসর নেওয়া। এটাই আমার পরিকল্পনা।’

সাকিব আরও পরিষ্কার করেন যে, বিদায়ের ক্রমটা যেকোনোভাবেই হতে পারে। তিনি বলেন, ‘আমি চাই সব ফরম্যাট থেকেই একটি সিরিজের মাধ্যমে অবসর নিতে। সেটা টি-টোয়েন্টি দিয়ে শুরু হতে পারে, তারপর ওয়ানডে ও টেস্ট। অথবা উল্টোটাও হতে পারে। দুভাবেই আমার আপত্তি নেই।’

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশে ফিরতে পারেননি মাগুরা-১ আসনের সাবেক এই সংসদ সদস্য। রাজনৈতিক কারণে জাতীয় দল থেকেও দূরে আছেন। তবে সাকিব এখনো আশাবাদী যে, দেশের মাটিতে বিদায়ী সিরিজ খেলা তার পক্ষে সম্ভব হবে। তিনি বলেন, ‘আমি আশাবাদী, আমার মনে হয় এটা সম্ভব হবে।’

ভক্তদের প্রতি কৃতজ্ঞতা থেকেই ঘরের মাঠে বিদায় নিতে চান সাকিব। তার ভাষ্য, ‘সমর্থকদের সামনে বিদায় বলা, এটাই সবচেয়ে সুন্দর উপায়। ওরা সবসময় আমাকে সমর্থন দিয়েছে। তাই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য দেশে একটি সিরিজ খেলে অধ্যায়ের ইতি টানতে চাই।’

বর্তমানে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলার কারণ হিসেবেও সাকিব এই বিদায়ী সিরিজের প্রস্তুতির কথাই জানালেন। তিনি বলেন, ‘আমি খেলছি মূলত ফিট থাকার জন্য, যাতে বাংলাদেশের হয়ে খেলতে পারি এবং অবসর নিতে পারি। এটাই একমাত্র কারণ।’

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ